সারাদেশ জেলা সিলেট হবিগঞ্জ পানি কমলেও কমছে না কৃষকের চোখের জল, লাখাইয়ে পচে যাচ্ছে বোরো ধান ১৩ মে ২০২৬ • Editing Section
পারভেজ হাসান, লাখাই, হবিগঞ্জ, ১২ মে — হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরের পানি কমতে শুরু করেছে। তবে পানি নামলেও কৃষকের চোখের জল কমেনি। দীর্ঘদিন পানির নিচে তলিয়ে থাকা বোরো ধানে পচন ধরায় মাঠজুড়ে এখন শুধুই হতাশা আর দীর্ঘশ্বাস। মঙ্গলবার (১২ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, কয়েকদিন আগেও যেসব এলাকায় থৈ থৈ পানি ছিল, সেখানে এখন পচে যাওয়া ধানের শীষ ভেসে উঠছে। বাতাসে ছড়িয়ে পড়েছে পচা ধানের দুর্গন্ধ। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে আগাম বন্যার কারণে শত শত হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। শুরুতে পানি দ্রুত নেমে গেলে কিছু ধান রক্ষা করা যাবে বলে আশা করেছিলেন কৃষকরা। কিন্তু দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ধানের ছড়ায় পচন ধরে। অনেক জমিতে ধানের ভেতরে চালের বদলে শুধু তুষ ও পচা কাদা দেখা যাচ্ছে। এতে কৃষকদের সারা বছরের পরিশ্রম ও স্বপ্ন মুহূর্তেই ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, “পানির নিচে যখন ধান আছিল, তখনও আশা আছিল। এখন পানি কমছে কিন্তু সব ধান পইচ্যা গেছে। সারা বছরের স্বপ্ন শেষ হইয়া গেল।” উপজেলার নিচু এলাকার বোরো ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গার ধান গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। অন্যথায় আগামী মৌসুমে কৃষকদের নতুন করে চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে। ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71 আপনার এলাকার সমস্যা বা খবর আমাদের জানাতে ই-মেইল করুন:E-mail: ebanglanews71@gmail.com