শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯১ বার দেখা
শেয়ার করুন

কল্লোল আহমেদ, রংপুর, ৭ এপ্রিল — রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রাশেদুজ্জামানের বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ৬ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যানের অজান্তে ইউনিয়ন পরিষদের সঞ্চয়ী হিসাব থেকে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে অর্থ উত্তোলন করা হয়। সচিব তার হেফাজতে থাকা চেক বইয়ের একটি পাতা ব্যবহার করে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করেন বলে অভিযোগ রয়েছে।

পরে সোনালী ব্যাংকের স্থানীয় শাখা থেকে ৬ লাখ ১৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর অভিযুক্ত সচিব ও তার সহযোগীরা ব্যাংকের নিচতলায় অবস্থানকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

খবর পেয়ে চেয়ারম্যান ব্যাংকে গিয়ে হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন।

অভিযুক্ত সচিব রংপুর মহানগরীর তাজহাট থানার সর্দারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি অর্থ উদ্ধার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন