মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ | ১২:২৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৪৩ বার দেখা
শেয়ার করুন

পারভেজ হাসান, লাখাই ( হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাইয়ে রাতের আঁধারে একটি বিলে বিষ প্রয়োগ করে ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার মোড়াকরি ইউনিয়নের সাবধালিয়া স্কিমের বড় ফুইট্টা ব্রিজের নিচের বিলে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতা বা প্রতিহিংসার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন বিলের লিজগ্রহীতা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে বিলে বিষ প্রয়োগ করা হয়। রূপালী মৎস্য সমবায় সমিতির মাধ্যমে ১০ লাখ ৩৪ হাজার টাকায় ছয় বছরের জন্য সরকার থেকে বিলটি লিজ নিয়েছেন হাজী বশির আহমেদ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মরা মাছ ভেসে রয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে বুলেটসহ বিভিন্ন ক্ষতিকর কীটনাশক ও বিষের আলামত পাওয়া গেছে বলে জানা গেছে। রাতের আঁধারে এ ঘটনায় বিলের মাছ মরে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন লিজগ্রহীতা।

ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতা হাজী বশির আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কে বা কারা রাতের অন্ধকারে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিলে বিষ প্রয়োগ করে আমাদের সর্বস্বান্ত করেছে। এতে আমার প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা কণিক চন্দ্র সরমা বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন