শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৯ বার দেখা
শেয়ার করুন

আব্দুল ছালিক, কুলাউড়া (মৌলভীবাজার), ৮ মে — মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন হওয়া ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) সকালে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত এলাকার একটি চা-বাগানে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে দাবি করেন তারা।

পরবর্তীতে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করে। পরে শুক্রবার (৮ মে) রাতে স্বজনদের থানায় ডেকে এনে ১০ জনকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার হাবুল দাস (৪৮), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৪), সন্তান অনামিকা দাস (১৭), ভূমি দাস (৭) ও হেমন্ত দাস (১৬), একই এলাকার গোপাল দাস (২৭), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রাহুল তালুকদার (২৭), যুবরাজ সরকার (৪২), এবং সিলেট সদর উপজেলার মো. আল আমিন (৩৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মানবিক দিক বিবেচনায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন