যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবারও জাকির হোসেন উজ্জ্বল
মৌলভীবাজার, ৪ জুন — মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন। তার এ দায়িত্বপ্রাপ্তির খবরে জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন উজ্জ্বল জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
তার এ পদায়নে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও চাঙ্গাভাব সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় পর্যায়ে তার এ দায়িত্ব যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবে।