বিগত সরকারের দুর্নীতি ও ভুল পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ঢাকা, ১৯ এপ্রিল — বিগত সরকারের দুর্নীতি ও ভুল পরিকল্পনার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যাকে ‘মেরামতের অযোগ্য’ বা ‘বিয়ন্ড রিপেয়ার’ বলা যায়। বিচ্ছিন্নভাবে ছোটখাটো সংস্কার বা ‘হাতুড়ির টোকা’ দিয়ে এই ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব নয়।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে শিশুদের অনেক জটিল চিকিৎসার প্রয়োজন হতো না। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের দুর্বলতা কাটাতে না পারলে সংকট আরও বাড়বে।
দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ড. মুহিত বলেন, কার্যত মানসম্মত স্বাস্থ্যসেবা ব্যবস্থা অনেক জায়গায় দুর্বল হয়ে পড়েছে। টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ আবার ছড়িয়ে পড়া দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল। মাঠ পর্যায়ে রক্ষণাবেক্ষণ ও নজরদারির ঘাটতির কারণে অনেক হাসপাতালের সেবা সক্ষমতা কমে গেছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের নীতিগত ব্যর্থতার দায় এখনো স্বাস্থ্য খাত বহন করছে। তবে গণঅভ্যুত্থানের পটভূমিতে মানুষের প্রত্যাশা বেড়েছে এবং সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো গেলে অসংক্রামক রোগের চাপ অনেকটা কমানো সম্ভব। ভবিষ্যতে টেকসই পরিবর্তনের জন্য পরিকল্পনা গ্রহণে বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়া হায়দার, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেন নূর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নাজমুল হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ফোয়ারা তাসনিম ফ্লোরা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ডা. সাইফুল ইসলাম, আইসিডিডিআরবির আন্তর্জাতিক বিজ্ঞানী শরফুল ইসলাম খান ববি এবং ব্যারিস্টার রাশনা ইমাম।