গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ
গাইবান্ধা, ২৬ এপ্রিল — গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে অচেতন অবস্থায় তাকে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
রোববার (২৬ এপ্রিল) সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে খবর পাওয়া যায়, শিশুটি রাস্তার পাশের ঝোপে অচেতন অবস্থায় পড়ে আছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পান। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী জানায়, রাস্তা থেকে দুটি ছেলে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে গাইবান্ধা মোড়ের দিকে নিয়ে গিয়ে জোরপূর্বক চেতনানাশক জাতীয় ওষুধ খাওয়ায়। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে আমার আর কিছু মনে নেই। পরে যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি রাস্তার পাশে পড়ে আছি এবং উঠতে পারছি না।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।