কুমিল্লায় বিদেশে পাঠানোর নামে ১৪ লাখ টাকা আত্মসাত, মামলা
এ.কে পালাশ, কুমিল্লা, ২৯ এপ্রিল — কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় সৌদি আরব পাঠানোর প্রলোভন দেখিয়ে এক সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
দাউদকান্দি থানা সূত্রে জানা গেছে, মামলাটি (সিআর নং-৬৮৮/২০২৫) তদন্তে প্রতারণার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের বাসিন্দা ও পৌরসভা প্রেস ক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আলেক হোসেনের ছেলে ও এক আত্মীয়কে স্বল্প খরচে দ্রুত সৌদি আরব পাঠানোর আশ্বাস দেয় একটি চক্র। এ প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৪ লাখ টাকা নেওয়া হয়। “জুতা দিয়ে মা/র/ধ/র! ভিডিও ভাইরাল| E Bangla 71”
অভিযুক্তরা হলেন—মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামের মোহাম্মদ হোসেন (৭৮), তার স্ত্রী পারুল বেগম (৫৮), বাহাদুরপুর গ্রামের আক্কাস দেওয়ান (৭৩), আমেনা আক্তার শিপু (২৭), দিপু (৪১) এবং সৌদি প্রবাসী বাবু দেওয়ান (৩৫)।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ অক্টোবর প্রথমে ২ লাখ টাকা এবং ২০২৫ সালের ১৬ নভেম্বর ভিসা প্রক্রিয়ার কথা বলে আরও ৮ লাখ টাকা নেওয়া হয়। পরে ভিসা, মেডিকেল ও বিমানবন্দর সংক্রান্ত নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় এবং একপর্যায়ে জাল ভিসা ও টিকিট দেখিয়ে প্রতারণা করা হয়।
পরে ভিসাটি জাল বলে স্বীকার করে নতুন ভিসার আশ্বাস দিয়ে ২০২৫ সালের ৫ মে আরও ৪ লাখ টাকা নেওয়া হয়। এভাবে মোট ১৪ লাখ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মো. আলেক হোসেন বলেন, অভিযুক্তদের সঙ্গে কথোপকথন ও লেনদেন সংক্রান্ত একাধিক অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হলে তিনি আইনের আশ্রয় নেন।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, তদন্তে প্রতারণা ও অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।