শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০১ বার দেখা
শেয়ার করুন

এ.কে. পলাশ, কুমিল্লা, ৭ মে — কুমিল্লার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার (২৩) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৬ মে) রাতে ফারিহার বাবা মো. হানিফ বাদী হয়ে মামলাটি করেন। এতে ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, শ্বশুর আবদুর রহিম, শাশুড়ি আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও রীমার স্বামী জাকারিয়াকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি জানান, আপাতত আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে অভিযোগটি রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে ফারিহা ও মেহেদী হাসান হৃদয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর ১৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে বলে অভিযোগ করা হয়েছে। ফারিহা তার স্কুলশিক্ষক বাবার কাছ থেকে টাকা এনে দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ফারিহার বাবা মো. হানিফ দাবি করেন, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন ফারিহার মা। গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, মেয়েকে হারানোর বেদনায় তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন