শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৫০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৬ বার দেখা
শেয়ার করুন

মো. কামাল হোসেন প্রধান, নরসিংদী, ৭ মে — নরসিংদীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, শারীরিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে সংঘবদ্ধ একটি হানি ট্র্যাপ চক্রের নারী-পুরুষসহ চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ মে) নরসিংদী সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহর নেতৃত্বে এসআই শেখ মো. জসিম উদ্দিন ও এসআই আব্দুস সালামের সমন্বয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন, শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), স্মৃতি আক্তার (২০), মো. কাইয়ুম (২৫) ও ফয়সাল মিয়া (৩৪)।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি নারী-পুরুষের সমন্বয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে নিয়ে যেত। পরে তাদের অপহরণ ও শারীরিক নির্যাতন করা হতো। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে আসামি ফয়সাল মিয়ার কাছ থেকে ভুক্তভোগী পারভেজ হাসানের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ফয়সাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ নরসিংদী থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-২১, তারিখ ৬ মে ২০২৬।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন