কুমিল্লায় বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন, নাশকতার সন্দেহ
এ.কে পলাশ, কুমিল্লা, ৫ এপ্রিল — কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি পার্কিং করে রাখা ‘রয়েল সার্ভিস’ পরিবহণের তিনটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে হঠাৎ বাসগুলোতে আগুন ধরে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কুমিল্লা নগরীর প্রধান কার্যালয় থেকে আরও একটি ইউনিট যোগ দেয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বাস তিনটি পরিত্যক্ত অবস্থায় সেখানে রাখা ছিল এবং এগুলো যাত্রী পরিবহণে ব্যবহৃত হচ্ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে তা দ্রুত আগুনে রূপ নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, পরিত্যক্ত বাসগুলোতে প্রায়ই মাদকসেবীদের আড্ডা বসত। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় ব্যবহৃত আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে কিছু পরিবহণ শ্রমিক একে পরিকল্পিত নাশকতা বলেও সন্দেহ করছেন।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস মিয়া জানান, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।