কুমিল্লা, ৪ জুন — কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় এক অসহায় ভিক্ষুককে কুপিয়ে আহত করে তার কাছ থেকে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোর গ্যাং লিডারকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৩১ মে সন্ধ্যায় অশোকতলা এলাকায় ওত পেতে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এক ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং সারাদিনের ভিক্ষায় পাওয়া ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসে।
পরে তিনি ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অভিযুক্তদের শনাক্ত করার নির্দেশ দেন। অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত ‘টোকাই সামির’কে শনাক্ত করা হয়।
বুধবার (৩ জুন) তাকে আটক করা হলে বিষয়টি প্রশাসককে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।
এদিকে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগের পর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতকে নিজেদের হেফাজতে নেয়।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
