শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২০ পূর্বাহ্ণ
ব্রেকিং

বিশ্ব বাণিজ্য সংস্থায় বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের

৩০ মার্চ ২০২৬ • Editing Section
৬৫২ বার দেখা
শেয়ার করুন

শহীদ আহমদ খান, সিলেট: বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বিদ্যমান কাঠামোগত বৈষম্য দূর করে একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও নিয়মভিত্তিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত ডব্লিউটিও-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন (এমসি১৪)-এ অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। সম্মেলনের ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত বিভিন্ন থিম্যাটিক সেশনে বক্তব্য রাখেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ বাণিজ্য সুবিধা অব্যাহত রাখা জরুরি। এ বিষয়ে এমসি১৪-এ একটি কার্যকর প্যাকেজ গ্রহণের আহ্বান জানান তিনি।

বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা

তিনি বলেন, ডব্লিউটিওতে কার্যকর দুই-স্তরবিশিষ্ট বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা পুনরায় চালু করা প্রয়োজন। বিশেষ করে অ্যাপিলেট বডির কার্যক্রম পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী ও নিরপেক্ষ ব্যবস্থা জরুরি বলেও উল্লেখ করেন।

মৎস্য ও কৃষি খাতে দাবি

মৎস্য খাতে ভর্তুকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের অবদান প্রায় নেই বললেই চলে, অথচ বড় দেশগুলোর অতিরিক্ত ভর্তুকি সামুদ্রিক সম্পদের জন্য হুমকি। তিনি ক্ষুদ্র জেলেদের জন্য ভর্তুকি অব্যাহতি এবং বড় দেশগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবি জানান।

কৃষি খাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পাবলিক স্টকহোল্ডিং এবং উন্নত দেশগুলোর বাণিজ্য বিকৃতকারী ভর্তুকি বন্ধের আহ্বান জানান তিনি।

বিনিয়োগ চুক্তিতে বাংলাদেশের যোগদান

সম্মেলনে বাংলাদেশ ‘ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট’-এ ১২৯তম সদস্য হিসেবে যোগ দেয়। ডব্লিউটিও কাঠামোর অধীনে এটিই বাংলাদেশের প্রথম বহুপাক্ষিক চুক্তিতে অংশগ্রহণ। বিভিন্ন দেশ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

মেধাস্বত্ব ও জনস্বাস্থ্য

ট্রিপস চুক্তির আওতায় জনস্বাস্থ্য ও শিক্ষার স্বার্থে ‘নন-ভায়োলেশন’ সংক্রান্ত স্থগিতাদেশ বজায় রাখার পক্ষে মত দেয় বাংলাদেশ। উন্নয়নশীল দেশগুলোর নীতিগত স্বাধীনতা রক্ষায় এর স্থায়ী সমাধান প্রয়োজন বলে উল্লেখ করেন মন্ত্রী।

শেষে তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যে বিভাজন ও একতরফা পদক্ষেপে এলডিসিভুক্ত দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ডব্লিউটিও সংস্কারে স্বচ্ছতা, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন