শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫০ বার দেখা
শেয়ার করুন

কল্লোল আহমেদ, লালমনিরহাট, ১৯ এপ্রিল — সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে আদিতমারী উপজেলা হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী-কালীগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে লালমনিরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী, ইউএলও ইলিয়াস আহমেদসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

উপজেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ‘নন-ফুড আইটেম’ (NFI) বিতরণ করা হয়। এর মধ্যে ছিল হাইজিন পার্সেল, জেরিক্যান, তারপলিন, রশি, মাদুর ও গৃহস্থালি কিট।

জানা গেছে, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে লালমনিরহাট সদর উপজেলায় ৫০টি এবং কালীগঞ্জ উপজেলায় ৬০টি পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

‘পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ (PPP)’ উদ্যোগের আওতায় এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের সহযোগিতায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে রেড ক্রিসেন্ট সবসময় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।

রেড ক্রিসেন্টের সময়োপযোগী এই সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন