হাকালুকি হাওরে বোরো ধান কাটায় জ্বালানি সংকট, মাড়াইয়ে বিপাকে কৃষক
আব্দুল ছালিক, আব্দুল ছালিক, কুলাউড়া (মৌলভীবাজার), ২৫ এপ্রিল — এশিয়ার অন্যতম বৃহৎ হাকালুকি হাওরে কুলাউড়া অংশে শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। তবে ধান কাটা শুরু হলেও কৃষকদের মধ্যে স্বস্তির বদলে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা।
চৈত্রের শুরুতে তীব্র খরায় জমি ফেটে গেলেও পরে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে হাওরজুড়ে সৃষ্টি হয়েছে নতুন শঙ্কা। বন্যার আশঙ্কায় অনেক কৃষক বাধ্য হয়ে কাঁচা-পাকা ধান কেটে ফেলছেন।
তবে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে ধান মাড়াইয়ে। জ্বালানি তেলের সংকটের কারণে মাড়াই মেশিনগুলো হাওরে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছেন কৃষকরা। এতে কাটা ধান মাঠে স্তূপ করে রাখা হচ্ছে, যা বৃষ্টিতে নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ছে। “শিক্ষিকাকে জুতাপেটা! বিএনপি নেতা বহিষ্কার | ভাইরাল ভিডিওতে তোলপাড়”
স্থানীয় কৃষকরা জানান, “ধান কাটছি, কিন্তু মাড়াই করতে পারছি না। তেলের অভাবে সব থমকে আছে।”
কৃষক ফারুক মিয়া, আলমাছ মিয়া, জায়েদ মিয়া ও গুলাইছ আলী বলেন, ঝড়-বৃষ্টির কারণে আগেভাগে ধান কাটতে বাধ্য হলেও মাড়াই করতে না পারায় তারা চরম দুশ্চিন্তায় আছেন। তারা ধানের ন্যায্য মূল্য বৃদ্ধির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে যেসব মেশিন নেওয়া হয়েছে, সেগুলোও জ্বালানি সংকটে দীর্ঘ সময় আটকে আছে।
কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওরে এমন চিত্র সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, এবার হাকালুকি হাওরের কুলাউড়া অংশে ৪ হাজার ৮শ ৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে কৃষকরা আগাম ধান কাটছেন।
তিনি বলেন, কৃষি অফিস থেকে ১২টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে এবং জ্বালানি সংকট মোকাবিলায় প্রতি গাড়ির জন্য ১০০ লিটার তেল সরবরাহে বিশেষ স্লিপ দেওয়া হচ্ছে।
কৃষকেরা মনে করছেন, দ্রুত জ্বালানি সংকট সমাধান না হলে তাদের বছরের পর বছরের পরিশ্রমের ফসল বড় ক্ষতির মুখে পড়বে।