রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৯৭ বার দেখা
শেয়ার করুন

রাজশাহী, ১৭ এপ্রিল — রাজশাহীর পুঠিয়া উপজেলায় চাঁদা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৫২) নামের এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের কাউন্সিল বাজারে জুয়েলের মুদির দোকানে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের ইনছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জুয়েল দোকান খুলে গরুর গোশত কিনে ফিরে আসেন। এ সময় একই এলাকার কামালের ছেলে মাদকাসক্ত মাইনুল (৩০) তার দোকানে এসে চাঁদা দাবি করে। জুয়েল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের দোকানদার ও স্থানীয়রা মাইনুলকে আটক করে দোকানের খুঁটিতে বেঁধে রাখে এবং আহত জুয়েলকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, আটক মাইনুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন