শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫১ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ১৭ এপ্রিল — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ আজও ইতিবাচক প্রভাব রাখছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে কৃষকরা সহজেই ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন আর্থিক সহায়তা পাচ্ছেন, যা কৃষি উৎপাদনকে আরও গতিশীল করছে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এই বৃহৎ জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

কৃষিমন্ত্রী উল্লেখ করেন, কৃষি ঋণমুক্তকরণ, সারের ভর্তুকি প্রদানসহ বিভিন্ন উদ্যোগ অতীতে কৃষি খাতকে শক্তিশালী ভিত্তি দিয়েছে। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় কৃষকদের জন্য নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছে।

তিনি বলেন, কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তরের জন্য সরকার কাজ করছে। উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জসিম উদ্দিন, আতিকুল আলম শাওন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ১,৪৫৮ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করেন এবং কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন