মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম
বাগেরহাট, ১২ এপ্রিল — বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পলাশ (২৩) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুনখোলা ও গাংনী ইউনিয়নের সংযোগস্থল দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে। আহত পলাশ গাংনী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিল্লাল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পলাশ। পথে দারিয়ালা বাজার এলাকায় পৌঁছালে হাসান হালদার ও হাসিব হালদার তাকে লক্ষ্য করে হামলা চালায়। অভিযোগ রয়েছে, চলন্ত অবস্থায় তার মাথায় আঘাত করা হলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান এবং পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
এতে পলাশের মাথায় গুরুতর জখম হয় এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসালয়ে এবং পরে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর অভিযোগ, পূর্বের একটি হত্যাকাণ্ডের মামলাকে কেন্দ্র করে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়েছে।
পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পলাশের ওপর হামলা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্তদের পিতা রুজু হালদার বলেন, ঘটনার সময় তিনি ঘেরে ছিলেন এবং পরে ছেলেদের সঙ্গে ঝামলার কথা শুনেছেন, তবে বিস্তারিত জানেন না।
মোল্লাহাট থানার এক উপপরিদর্শক জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।