শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৯৫ বার দেখা
শেয়ার করুন

লালমনিরহাট, ১০ এপ্রিল — লালমনিরহাট জেলা শহরের ডালপট্টি এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় মজমুল (৩৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত মজমুল সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানাতিপাড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মোহন ও মোস্তাসহ ৫-৬ জনের একটি কিশোর গ্যাং এলাকায় মাদক সেবনের উদ্দেশ্যে জড়ো হয়। স্থানীয়রা প্রতিবাদ করলে তারা কিছু সময়ের জন্য সরে যায়। পরে আবার দেশীয় অস্ত্র নিয়ে ফিরে এসে এলাকায় তাণ্ডব চালায়।

এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় মজমুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তার পেটে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় মোহন পালিয়ে গেলেও তার বাবাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল মতিন জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন