মৌলভীবাজারে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি শুরু
মৌলভীবাজার, ৯ এপ্রিল — গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা রহমত আলী, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলামসহ আরও অনেকে।
লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দেরি করলে জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে। তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায় পর্যন্ত লিফলেট পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও জানান, আগামী ১২ এপ্রিল জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
পরে নেতাকর্মীরা শহরের চৌমুহনা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় দোকানপাট ও যানবাহনের যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।