বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ ধরা পড়ল মাদক কারবারি
মৌলভীবাজার, ৯ এপ্রিল — মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বড়লেখা উত্তর চৌমহুনা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় বড়লেখা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম থেকে বড়লেখার দিকে আসছে।
এ তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পুলিশ রাসেলকে আটক করে।
পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি প্যাকেটে মোড়ানো মোট ৪,০০০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত রাসেল বড়লেখা থানার বিওসি কেছরীগুল মধ্য ডিমাই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে যে, সে ও তার দুই পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেলসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।