শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৫ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ৬ এপ্রিল — দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও টিকা সংকটের জন্য আগের সরকারগুলোর কড়া সমালোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি বলেন, গত সাড়ে পাঁচ বছর হাম-রুবেলা ক্যাম্পেইন না হওয়া এবং টিকা ব্যবস্থাপনায় অদূরদর্শী সিদ্ধান্তের কারণে বর্তমানে শিশুরা ঝুঁকির মুখে পড়েছে।

মন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পরপর হাম-রুবেলা ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় তা না হওয়ায় বিপুল সংখ্যক শিশু টিকাবঞ্চিত থাকে। ফলে বর্তমানে ওই শিশুদের মধ্যেই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। এছাড়া টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় দীর্ঘসূত্রতার কারণে হামসহ ছয়টি গুরুত্বপূর্ণ টিকার মজুতে সংকট তৈরি হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রোববার (৫ এপ্রিল) থেকে ১৮টি জেলা ও ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। প্রথম ধাপে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্মসূচির প্রথম দিনেই ৩০টি উপজেলায় নির্ধারিত ৭৬ হাজার শিশুর মধ্যে ৭৩ হাজারকে টিকা দেওয়া হয়েছে, যা প্রায় ৯৬ শতাংশ সাফল্য। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ৩ মে থেকে সারাদেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

হাসপাতালের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। রাজশাহীতে অতিরিক্ত ২৫০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে এবং স্বল্প ব্যয়ে অক্সিজেন সরবরাহের নতুন পদ্ধতি চালু করা হয়েছে।

এ সময় সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য আখতার হোসেন মাঠপর্যায়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলে বলেন, বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে না এবং স্বাস্থ্য খাতের উল্লেখযোগ্য অংশের বাজেট অব্যবহৃত থেকে যাচ্ছে।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালীন অব্যবহৃত অর্থ দিয়ে অতিরিক্ত টিকা সংগ্রহ করা হচ্ছে এবং ভবিষ্যতে টিকার ঘাটতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের তদারকি বাড়াতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন