জামালপুরে প্রেমঘটিত দ্বন্দ্বে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ২০ পরিবার
জামালপুর, ৫ এপ্রিল — সন্তানের প্রেমঘটিত বিরোধের জেরে জামালপুর শহরের বেলটিয়া এলাকার পলিশা গ্রামে চলাচলের একমাত্র পথে দেয়াল তুলে অন্তত ২০টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় টানা ১১ দিন ধরে শতাধিক মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে গত সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের কাছে লিখিত অভিযোগ করেন আবদুল মজিদ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার উভয় পক্ষকে নোটিশ দিয়ে কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার এক ছেলের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। গত বছরের ডিসেম্বরে ওই ছাত্রী নিখোঁজ হলে তার পরিবার অপহরণের মামলা করে। পরে পুলিশ উভয়কে উদ্ধার করে আদালতে সোপর্দ করে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলেটির মা-বাবা প্রায় তিন মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান। স্থানীয়দের দাবি, এরই জেরে ক্ষোভ থেকে গত ২৪ মার্চ কবির হোসেন বাড়ির সামনে চলাচলের পথে দেয়াল তুলে দেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথ হঠাৎ বন্ধ করে দেওয়ায় বাজার, হাসপাতাল ও মসজিদে যাতায়াতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এর আগেও একাধিকবার একইভাবে পথ বন্ধ করা হয়েছিল বলে জানান তারা।
অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিজেদের জায়গার ওপরই দেয়াল নির্মাণ করা হয়েছে। তবে স্থানীয়দের মতে, জমিটি খাস খতিয়ানভুক্ত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার জানান, উভয় পক্ষকে ডেকে পুরো ঘটনা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।