মৌলভীবাজারে কারাতে প্রশিক্ষণার্থীদের বেল্ট বিতরণ
স্পোর্টস ডেস্ক:
মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তনজু খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহিয়া আক্তার জেসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার ইমন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কারাতে কোচ মো. ইমরান, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা।
বক্তারা বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও প্রশিক্ষণের বিভিন্ন ধাপের মূল্যায়নের ভিত্তিতে তাদের হাতে বেল্ট তুলে দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।