শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৭৬ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুলিশ সদর দপ্তরের অভিন্ন মূল্যায়ন মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হন সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা নির্বাচিত হন সদর ট্রাফিকের টিএসআই মো. আব্দুল মোতালিব এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই আতিকুল ইসলাম।

একই অনুষ্ঠানে আলোচিত গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন এবং তিন আসামিকে গ্রেপ্তারের সফলতার জন্য সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার-কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় সদর মডেল থানার এসআই শিপু কুমার দাস বিশেষ পুরস্কারে ভূষিত হন। আসামি গ্রেপ্তারে সহায়তার জন্য এএসআই শফিকুল ইসলাম এবং এএসআই সাইদুর রহমান-কেও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হক, জেলার বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন