শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩৯ বার দেখা
শেয়ার করুন

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি | ১০ জুন ২০২৬ ⸻

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা এবং পুলিশের একটি পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে কুমিল্লা-ঢাকা মহাসড়কের নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর জেলা পুলিশের নির্দেশনায় গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

বুধবার (১০ জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে উল্টো পথে চলাচলের দায়ে একটি অটোরিকশা আটক করে হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা চালক ও স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অটোরিকশা চালকের ডাক-চিৎকারে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল ঘটনাস্থলে জড়ো হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় কনস্টেবল ইউসুফ আলী ও রাব্বি ইসলাম আহত হন। একই সঙ্গে পুলিশের একটি পিকআপ ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়।

পরে ডিবি ও বুড়িচং থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, “মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা কিংবা সরকারি সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে মহাসড়ক এলাকায় নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন