যুব নেতৃত্বে মাদকবিরোধী কমিটি ‘মানিক’ গঠন তাহিরপুরে
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ৯ জুন ⸻ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদক ও সামাজিক অপরাধ দমনে স্থানীয় তরুণদের উদ্যোগে ৮১ সদস্যবিশিষ্ট “মাদক নির্মূল কমিটি (মানিক)” গঠন করা হয়েছে। বাদাঘাট বাজারে আয়োজিত এক সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী মো. সাজ্জাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রনেতা আজিজুর রহমান কাউছার। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতারা জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
তারা আরও বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ইতোমধ্যে বাদাঘাট, বড়দল উত্তর ও শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি, যা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সম্প্রসারিত হলে তাহিরপুরে মাদক নিয়ন্ত্রণে বাস্তব অগ্রগতি আসতে পারে।