রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬৮ বার দেখা
শেয়ার করুন

এম এ মজিদ, নওগাঁ ৮ জুন ⸻ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের এক সময়ের উন্নয়নবঞ্চিত জনপদ পলাশবাড়ি গ্রাম এখন পরিবর্তনের পথে হাঁটছে। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকট, ভাঙাচোরা সড়ক এবং বর্ষাকালে চরম দুর্ভোগে থাকা গ্রামটিতে শুরু হয়েছে দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম। ফলে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই গ্রামের রাস্তাঘাট কাদা-পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। বর্ষা মৌসুমে প্রধান সড়ক দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকায় শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন কর্মকাণ্ডে মারাত্মক ভোগান্তির শিকার হতে হতো গ্রামবাসীকে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. ইকরামুল বারী টিপু। নির্বাচনের পর তিনি পলাশবাড়ি গ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব ‘হরিবাসর’-এ অংশ নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

স্থানীয়দের দাবি, সেই আশ্বাসের প্রতিফলনও দেখা যাচ্ছে বাস্তবে। অল্প সময়ের মধ্যেই গ্রামে একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের অংশ হিসেবে পলাশবাড়ি রাধা গোবিন্দ মন্দিরের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি বর্ষা মৌসুমে গ্রামবাসীর প্রধান সড়ক পানিমুক্ত রাখা ও চলাচল উপযোগী করতে সড়ক সংস্কারের জন্য আরও ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে ওই কাজ চলমান রয়েছে।

এলাকাবাসী জানান, অতীতে বহুবার উন্নয়নের প্রতিশ্রুতি পেলেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে বর্তমান সংসদ সদস্য দায়িত্ব গ্রহণের পর দ্রুত উদ্যোগ নেওয়ায় গ্রামবাসীর মধ্যে আস্থা ও আশাবাদ তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, চলমান উন্নয়ন কাজগুলো সম্পন্ন হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উন্নয়নের মূলধারায় যুক্ত হবে পলাশবাড়ি গ্রাম।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন