পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান
জাকির হোসেন হাওলাদার, পবিপ্রবি প্রতিনিধি, ৮ জুন ⸻ দক্ষিণাঞ্চলের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রো-ভাইস চ্যান্সেলরের পদ থেকে অব্যাহতি দিয়ে ড. হেমায়েত জাহানকে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামে ১৯৭৭ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন ড. এস. এম. হেমায়েত জাহান। শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠা এই শিক্ষাবিদ উচ্চশিক্ষায় কীটতত্ত্ব (এন্টোমোলজি) বিষয়কে বেছে নেন এবং পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা Kyungpook National University থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ড. হেমায়েত জাহান কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁর গবেষণা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।
২০০৩ সালে পবিপ্রবির এন্টোমোলজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ দুই দশকের শিক্ষকতা জীবনে অধ্যাপক পদে উন্নীত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেন।
ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন ড. হেমায়েত জাহান।
তিনি বলেন, “শুধু ডিগ্রি প্রদান নয়, জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত। আমরা এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে গবেষণা, প্রযুক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সমানভাবে বিকশিত হবে।”
তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন, গবেষণা অনুদান বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ।
ড. হেমায়েত জাহান মনে করেন, পবিপ্রবির সবচেয়ে বড় শক্তি হলো উপকূলীয় অঞ্চলভিত্তিক গবেষণার সুযোগ। জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট-স্মার্ট কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা নিয়ে গবেষণার মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের সমন্বয়েই একজন প্রকৃত শিক্ষিত মানুষ গড়ে ওঠে।”
নতুন ভিসির দায়িত্ব গ্রহণে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে পবিপ্রবি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করবে।