শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৫৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৯ বার দেখা
শেয়ার করুন

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল), ৮ জুন ⸻ বরিশালের আগৈলঝাড়ায় পূর্বের পরকীয়া সম্পর্কের জেরে নতুন করে আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ায় দুই সন্তানের জননীকে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব মোহনকাঠি গ্রামের নির্মল সরকারের স্ত্রী দীপালী সরকার (৪৮) স্বামী থাকা সত্ত্বেও একই গ্রামের চিরঞ্জন সরকারের ছেলে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাছ ব্যবসায়ী চৈতন্য সরকার (৪৫)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। সম্প্রতি চৈতন্যকে ছেড়ে নতুন করে আরেক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন দীপালী। এতে চৈতন্যের সঙ্গে তার দূরত্ব আরও বাড়তে থাকে।

নির্মল সরকার রোববার দুপুরে আত্মীয়বাড়িতে গেলে বাড়িতে দীপালী একা ছিলেন। এ সুযোগে প্রথম প্রেমিক চৈতন্য সরকারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে দীপালীর পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। পরে চৈতন্য স্থানীয় সুনীল ঢালীর ভ্যানে করে দীপালীকে পরিবারের কাউকে না জানিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ভ্যানচালকের মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হলে চৈতন্য জানান, দীপালীর চিকিৎসার জন্য তাকে নিয়ে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মাকসুদ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো আলামত জব্দ বা আইনানুগ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রত্নপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুখদেব বাড়ৈ সাংবাদিকদের বলেন, এই পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। এরপরও তারা সম্পর্ক থেকে বিরত হননি।

অভিযুক্ত চৈতন্য সরকারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন