বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত
আমির হোসাইন, সুনামগঞ্জ, ৮ জুন ⸻ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে একটি “পার্টনারশিপ স্কোপিং” সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাইভেট ও কর্পোরেট সেক্টর, দাতা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন।
সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত “এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান। সভা সঞ্চালনা করেন ইরা সুনামগঞ্জের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল থেকে আগত মেডিকেল অফিসার ডা. সোনিমা কর্মাচরিয়া এবং পাবলিক হেলথ অফিসার শীতল সাকিয়া।
সভায় বক্তারা মেয়েদের মাধ্যমিক শিক্ষায় বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো মেয়ে যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান বলেন, উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী ছাত্রীদের তালিকা তৈরি করে উপজেলা পরিষদে জমা দেওয়ার উদ্যোগ নিতে হবে। শিক্ষক, সমাজসেবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।