পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটা রোধে মধ্যরাতে অভিযান, এস্কেভেটর অকেজো
মোহাম্মদ আলী, পুঠিয়া (রাজশাহী), ৮ জুন ⸻ রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় ফসলি জমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ জুন) রাত ১১টা থেকে রবিবার (৮ জুন) রাত ২টা ২০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ফসলি জমির টপসয়েল কাটার প্রমাণ পাওয়া গেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং মোবাইল কোর্ট পরিচালনাও করা যায়নি।
তবে ব্যবহৃত একটি এস্কেভেটর পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এটি দিয়ে পুনরায় অবৈধভাবে মাটি কাটা না যায়।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং টপসয়েল কাটা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।