বিশ্ব তামাকবিরোধী দিবস ঘিরে উদ্বেগ, তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম, ২৬ মে— আগামী ৩১ মে বিশ্ব তামাকবিরোধী দিবস উপলক্ষে তামাক ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে অ্যান্টি ড্রাগ নেটওয়ার্ক।
সংগঠনের চেয়ারম্যান স ম জিয়াউর রহমান এবং সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাহী আকতার হোসেন নিজামী এক যৌথ বিবৃতিতে বলেন, এবারের বিশ্ব তামাকবিরোধী দিবস পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির মধ্যে পড়ায় দিবসটি যথাযথভাবে পালিত হওয়া নিয়ে উদ্বেগ রয়েছে।
তারা বলেন, দেশে তামাকজাত পণ্য ও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। আগামী প্রজন্মকে রক্ষায় তামাকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা জরুরি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এবং ২০১৩ সালের সংশোধনী অনুযায়ী পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ। আইন অমান্য করলে জরিমানার বিধান রয়েছে।
এছাড়া ২০২৫ সালের সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী ই-সিগারেট, ভ্যাপিং, হিটেড টোব্যাকো প্রোডাক্ট ও নিকোটিন পাউচসহ নতুন ধরনের তামাকজাত পণ্য উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংগঠনটি আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নজরদারি ও আইন বাস্তবায়নের মাধ্যমে তামাকজাত দ্রব্যের প্রচার ও বিপণন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।