শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৭৮ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ২৫ মে— মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়ে এক সাংবাদিকের অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে এক দন্ত চিকিৎসকের দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন নিয়েও স্থানীয় মহলে আলোচনা তৈরি হয়েছে।

অভিযোগকারী সাংবাদিক সত্যজিৎ দাস জানান, রোববার সকালে তীব্র দাঁতের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে যান।

তার অভিযোগ, প্রথমে দাঁতের চিকিৎসকের নির্ধারিত কক্ষ তালাবদ্ধ পান। পরে বিভিন্ন কক্ষে ঘুরেও সংশ্লিষ্ট কর্মীকে না পেয়ে হয়রানির শিকার হন।

তিনি আরও দাবি করেন, সকাল ৯টা ৩৮ মিনিটে দন্ত চিকিৎসক ডা. মো. জোবায়ের খানের সঙ্গে সাক্ষাৎ হলে চিকিৎসক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

সত্যজিৎ দাসের অভিযোগ, প্রথমে প্রেসক্রিপশনে ওষুধ না লিখে আলাদা কাগজে ওষুধের নাম দেওয়া হয়। পরে নিজের সাংবাদিক পরিচয় দেওয়ার পর প্রেসক্রিপশনে ওষুধ লেখা হয়।

ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, অভিযোগের হার্ড কপি জমা দিতে বলা হয়েছে। ঈদের ছুটির পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দন্ত চিকিৎসক ডা. মো. জোবায়ের খান ২০১৯ সালের শেষভাগ থেকে একই হাসপাতালে কর্মরত রয়েছেন। দীর্ঘ সময় একই কর্মস্থলে দায়িত্ব পালন প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় সচেতন মহলের একাংশ।

তবে হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে অনেক সময় বদলি প্রক্রিয়া বিলম্বিত হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন