শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭০৭ বার দেখা
শেয়ার করুন

এ.কে. পলাশ, কুমিল্লা, ১৯ মে — কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বরুড়া উপজেলার খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খলিলুর রহমান (৪৯), সুমন মোল্লা (৪১), হারুন মল্লিক (৪৬), মাহতাব হোসেন মৃধা (৩৮), আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), সোহাগ রানা (৪৫), মোশারফ মেলকার (৪৬) ও নুরুল হক (৪৪)।

পুলিশ জানায়, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাইন বিল্লাহ ফেরদৌস।

অভিযান চলাকালে বড় হরিপুর এলাকার একটি পারিবারিক কবরস্থানের ভেতর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি “DB” লেখা কোট, একটি হ্যান্ডকাফ, লেজার লাইট, ম্যাজিক স্টিক, হাতুড়ি, ছুরি, স্টিল কাটার এবং চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশের পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

পুলিশ বলছে, মহাসড়ক ও বিভিন্ন সড়কে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধ ঠেকাতে অভিযান আরও জোরদার করা হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন