শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৮ বার দেখা
শেয়ার করুন

কল্লোল আহমেদ, লালমনিরহাট, ২০ মে — লালমনিরহাটে মাদকবিরোধী অভিযানে এক রাতেই তিনটি পৃথক মামলা দায়ের করেছে সদর থানা পুলিশ। অভিযানে গাঁজা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রয়ের অভিযোগে কয়েকজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধার করা হয়।

প্রথম অভিযানে রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। তারা হলেন কাজির চওড়া এলাকার সামিউল ইসলাম (২২) ও মারুফ হোসেন (২১)। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর মো. নূরুল হক সরকার।

একই রাতে মহেন্দ্রনগর ইউনিয়নের টিটিসি অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নায়েকগড় এলাকার হাসান আলী (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে লালমনিরহাট পৌরসভার থানা পাড়া এলাকায় আরও একটি অভিযান চালিয়ে রফিকুল ইসলাম রফিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাকেয়াটেপা ভাটিবাড়ী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনাতেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইনের ভিত্তিতেই সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “মাদক ও জুয়ার সিন্ডিকেট সমাজে বড় ধরনের ক্ষতি করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, সাম্প্রতিক সময়ে জেলায় মাদক ও জুয়ার বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে তরুণদের একটি অংশ সহজে অর্থ উপার্জনের লোভে এসব অপরাধে জড়িয়ে পড়ছে।

পুলিশ জানিয়েছে, সমাজবিরোধী কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন