সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ২৬১ বাংলাদেশি হজযাত্রী
ঢাকা, ১৯ মে — পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৬৩টি হজ ফ্লাইটে ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, সোমবার সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, গতকাল পর্যন্ত স্বাভাবিক কারণে ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী। এর মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় পাঁচজন মারা গেছেন।
এদিকে সৌদি মেডিক্যাল টিম এখন পর্যন্ত ৩৪ হাজার ৩৭০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৭ হাজার ৯৮৮ জন হজযাত্রীকে সহায়তা প্রদান করা হয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন। বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
এয়ারলাইনসভিত্তিক তথ্যে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৩টি ফ্লাইটে ৩২ হাজার ৮৪০ জন, সৌদি এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে ২১ হাজার ৯৬৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ অফিস জানিয়েছে, অবশিষ্ট ১৫ হাজার ১২৬ জন হজযাত্রী পর্যায়ক্রমে সৌদি আরবে যাবেন। গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।
অন্যদিকে, ঢাকায় সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৮৭টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২২টি ভিসা রয়েছে।
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।