শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৪৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭৫৩ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার, ১৩ মে — বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং জেলার উন্নয়ন কার্যক্রম তুলে ধরে মৌলভীবাজারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকালে জেলা মহিলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল অনুষ্ঠানে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি এবং মৌলভীবাজার জেলার বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) রুবেল মাহমুদসহ সরকারি কর্মকর্তা। অনুষ্ঠানে জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সরকার ৫১ দফা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে। এর আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, শিক্ষা আধুনিকায়ন, আইসিটি ও সুশাসনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ফ্যামিলি কার্ড কার্যক্রম

সরকারের “ফ্যামিলি কার্ড” কর্মসূচির আওতায় নিম্নআয়ের পরিবারের নারীদের মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে খুব শিগগিরই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

জুড়ীতে কৃষক কার্ড বিতরণ

কৃষকদের জন্য চালু হওয়া “কৃষক কার্ড” কর্মসূচির আওতায় ভর্তুকি, কৃষি ঋণ, কৃষি বীমা ও বাজার তথ্যসহ ১০ ধরনের সুবিধা দেওয়া হবে।

গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের পর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ব্লকে কর্মসূচির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি ৮১৯ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন।

জেলায় নিবন্ধিত ২৫ হাজার ৪০ জন কৃষককে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনা হবে বলেও জানানো হয়।

ধর্মীয় উপাসনালয়ের সেবকদের সম্মানী

সরকারের উদ্যোগে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সেবকদেরও মাসিক সম্মানী ও উৎসব ভাতা দেওয়া হচ্ছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

এ কর্মসূচির আওতায় ইমামরা ৫ হাজার টাকা, মুয়াজ্জিনরা ৩ হাজার টাকা এবং খাদেমরা ২ হাজার টাকা করে মাসিক সম্মানী পাচ্ছেন। এছাড়া মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের সেবকরাও সরকারি সহায়তা পাচ্ছেন।

খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মহাপরিকল্পনার অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কাটাগাং খালের খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জেলা প্রশাসন জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মৌলভীবাজার জেলায় মোট ২৬ কিলোমিটার খাল খনন করা হয়েছে।

এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। “ন্যাশনাল গ্রিন মিশন” এর আওতায় পরিবেশ সংরক্ষণ ও বনাঞ্চল উন্নয়নে কার্যক্রম চলমান রয়েছে। মৌলভীবাজার জেলায় এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শিক্ষা আধুনিকায়ন ও আইসিটি উদ্যোগ

শিক্ষা খাতে আধুনিকায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ, কারিগরি শিক্ষকদের ট্যাব প্রদান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াই-ফাই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সরকারি কার্যক্রমে ডিজিটাল ওয়ার্কফ্লো, ওয়ান-স্টপ সার্ভিস, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স এবং আইসিটি খাত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের তথ্য তুলে ধরা হয়।

সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা

প্রশাসনিক সংস্কার ও সুশাসন নিশ্চিত করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সাংবাদিক কল্যাণ বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে মৌলভীবাজার জেলার উন্নয়নে ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে শ্রীমঙ্গলে বাইপাস সড়ক নির্মাণ, এম সাইফুর রহমান স্টেডিয়ামের সংস্কার, জেলার হাওরগুলোকে জাতীয় হাওর উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা এবং পর্যটন জেলা হিসেবে মৌলভীবাজারে পর্যটন সুবিধা বৃদ্ধি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় জেলার কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের চার মাসের সরকারি অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সড়ক প্রচার, উঠান বৈঠক, নারী সমাবেশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও অনলাইন প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন