সিলেটের আম্বরখানা চায়না মার্কেটে হামলার অভিযোগ
আখলিছ আহমদ, সিলেট, ১৭ এপ্রিল — সিলেট নগরীর আম্বরখানা চায়না মার্কেটকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মার্কেটের স্বত্বাধিকারী হাজেরা বেগম নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ মার্কেটের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ব্যবসায়ীদের জিম্মি করে বিভিন্ন দোকান ভাঙচুর ও লুটপাট চালায়। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা ভেঙে আলামত নষ্ট করার অভিযোগও রয়েছে।
হাজেরা বেগম জানান, সন্ত্রাসীরা মার্কেটের বিভিন্ন তলায় দখল নিয়ে অবস্থান করছে এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এমনকি তার বসবাসরত ফ্ল্যাটেও জোরপূর্বক প্রবেশ ও দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ১৯৮০ সালের ‘ছুটির ঘণ্টা’ এবার বাস্তব! টয়লেটে বন্দি ৮ বছরের শিশু
তিনি আরও জানান, বর্তমানে তিনি তার দুই সন্তানকে নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিয়মিত বাজার করা বা স্বাভাবিক জীবনযাপন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে।
এ ঘটনায় তিনি দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, র্যাব-৯সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো কার্যকর কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় নগদ অর্থ, কম্পিউটার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। একই সঙ্গে মার্কেটের ভাড়া আদায়েও বাধা দিয়ে দখলদাররা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হলেও প্রত্যাশিত সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
হাজেরা বেগম দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।