শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৭৪ বার দেখা
শেয়ার করুন

‎ আমির হোসেন, সুনামগঞ্জ, ২০ মে — সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসায় নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের কাজ জমি বিরোধকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় তিন ব্যক্তির বাধায় কাজ স্থবির হয়ে পড়েছে।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪ তলা ভিত্তিবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের জন্য নির্ধারিত স্থানে লে-আউট প্রদান করা হয়। সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী সরেজমিনে উপস্থিত থেকে ভবনের স্থান নির্ধারণ করেন।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে গেলে পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল কাদির, আলী আহম্মদ এবং সফর আলী বাধা দেন। তাদের দাবি, নির্ধারিত লে-আউটের একটি অংশ তাদের ব্যক্তিগত জমির সীমানার মধ্যে পড়েছে।

এ ঘটনায় বর্তমানে ভবন নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

মাদ্রাসার শিক্ষকরা জানান, সরকারি নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতেই ভবনের লে-আউট দেওয়া হয়েছিল। পরে ব্যক্তি মালিকানার দাবি তুলে কাজ বন্ধ করে দেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. মাহবুবুর রহমান বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজ এভাবে আটকে থাকা অত্যন্ত দুঃখজনক। আমরা আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি।”

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “সরকারি নিয়ম ও পরিমাপ মেনেই ভবনের লে-আউট দেওয়া হয়েছে। সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়া অনাকাঙ্ক্ষিত। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ভবন নির্মাণ কাজ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত বিরোধ নিষ্পত্তি করে মাদ্রাসার উন্নয়ন কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসী সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন