লাখাইয়ে অবৈধ দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পরিচালিত দুটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মোড়াকরি ইউনিয়নের মেসার্স তিতাস ইটভাটা এবং সিএমসি ইটভাটা বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। এছাড়া ইটভাটা দুটি জনবসতিপূর্ণ এলাকার খুব কাছাকাছি স্থাপিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছিল।
এ অবস্থায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দুটি ইটভাটার প্রত্যেকটিকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
অভিযান শেষে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “জরিমানা করা ইটভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পাশাপাশি জনবসতির পাশে অবস্থিত হওয়ায় এগুলো পরিবেশের জন্যও হুমকি। পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে লাখাই থানা পুলিশ এবং হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয় সচেতন মহল অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।