শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৪৬ বার দেখা
শেয়ার করুন

আমির হোসাইন, সুনামগঞ্জ, ১৭ মে — সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার ওপর নির্মাণাধীন ৭৫০ মিটার দৈর্ঘ্যের শাহ আরেফিন–অদ্বৈত মৈত্রী সেতুর পাঁচটি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে।

সোমবার (১৭ মে) ভোররাতে পূর্ব পাশের ৩ ও ৪ নম্বর পিলারের ওপর থাকা অংশ থেকে হঠাৎ গার্ডারগুলো নদীতে পড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার সময় বিকট শব্দ শোনা যায় বলেও তারা জানান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর আশপাশে অবৈধ ড্রেজিং, নিম্নমানের নির্মাণকাজ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এর আগেও ২০২২ সালে একই প্রকল্পের গার্ডার ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল।

যাদুকাটা নদীর বালু-পাথর সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ড্রেজিংয়ের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নির্মাণকাজেও বড় ধরনের ত্রুটি রয়েছে।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, সেতুর নির্মাণকাজে ব্যবহৃত কিছু সামগ্রী সরানোর পর গার্ডারগুলো অসুরক্ষিত অবস্থায় পড়ে থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। তিনি দ্রুত কাজ শেষ করার দাবি জানান।

সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিনও কাজের মান নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৮ সালে প্রায় ১২৯ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। তবে নির্ধারিত সময়ের বহু বছর পেরিয়ে গেলেও এখনো কাজ সম্পূর্ণ হয়নি। বর্তমানে প্রকল্পের বেশ কিছু অংশ বাকি রয়েছে।

তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন