কুমিল্লায় তারেক রহমানের পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে
এ.কে পলাশ, কুমিল্লা — কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে তারেক রহমানের পথসভা থেকে ডিবি পুলিশ পাঠিয়ে মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে।
গত শনিবার (১৬ মে) দুপুরে লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে পথসভা করেন তারেক রহমান। এর আগে সকালে পথসভার মাইক খুলে নেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে ডিবি পুলিশ মাইক রেখে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে এ বিষয়ে বক্তব্য দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে আমি আগে থেকেই আমার এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভার অনুরোধ করেছিলাম। সেই অনুযায়ী মুদাফফরগঞ্জ বাজারে সভামঞ্চ প্রস্তুত করা হয়। কিন্তু পথসভার দিন সকালে কুমিল্লার এসপি ডিবি পুলিশ পাঠিয়ে সভামঞ্চের মাইক খুলে নেন।”
তিনি আরও বলেন, “আমার নেতাকর্মীরা বাধা দিলে ডিবি পুলিশ জানায়, এটি এসপির নির্দেশ। পরে নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা মাইক রেখে চলে যেতে বাধ্য হয়।”
আবুল কালাম অভিযোগ করেন, বিষয়টি তিনি দলের হাইকমান্ডকে জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামানকে ফোন করা হলে তিনি কল কেটে দেন। পরে তার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো বার্তার জবাবে তিনি অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন।
উল্লেখ্য, গত শনিবার চাঁদপুর সফরে যান তারেক রহমান। সেখানে খাল খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড কার্যক্রম ও জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার লাকসাম ও বরুড়ায় দুটি পথসভায় বক্তব্য দেন।
ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71
ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71
ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা