সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
ঢাকা, ৩ জুন — রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি সিএমএম কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় বেলা আনুমানিক ১১টা ২৫ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি প্রতিবাদ করলে ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারেন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আঘাতে নাক ও মুখ থেকে রক্তপাত হয় এবং একটি দাঁত নড়ে যায় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারী ব্যক্তি প্রাণনাশের হুমকি দেন। পরে তার স্বামী সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে অভিযুক্ত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভুক্তভোগী নার্গিস জুঁই অভিযোগে দাবি করেন, তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছে। সেই বিরোধের জেরেই তাকে বারবার হামলা, হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, অতীতে তাদের পরিবারকে ঘিরে একাধিক সহিংস ঘটনার শিকার হতে হয়েছে এবং বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নার্গিস জুঁই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।