চাঁদপুর পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ফরিদগঞ্জ, ৬ এপ্রিল — চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইয়াসিন (৮) ও রাসেল (৬), তারা সম্পর্কে আপন দুই ভাই।
রোববার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে প্রতিদিনের মতো পুকুরে গোসল করতে নামে তারা। একপর্যায়ে দীর্ঘ সময় ধরে পানিতে থাকার পর তারা আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
স্থানীয়রা জানান, পরে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, দুই শিশু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। ঘটনার সময় তাদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুজাম্মেল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে।