বসন্ত উৎসবে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা
লুতুব আলি, কলকাতা — জেলা শিক্ষা প্রশিক্ষণ সংস্থা (ডায়েট), বর্ধমানে আয়োজিত বসন্ত উৎসবে ভারতের বিভিন্ন প্রাদেশিক সংস্কৃতির এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার বাৎসরিক এ আয়োজন বসন্ত উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রঙ, সুর ও নৃত্যের সমন্বয়ে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের সূচনা পর্বে সংস্থার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সিনিয়র লেকচারার প্রদীপ কুমার বিশ্বাস উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, বসন্তের রঙিন আবেশ আমাদের মনন ও সংস্কৃতিকে নতুনভাবে উদ্ভাসিত করে। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতিকে একত্রিত করে এই উৎসবকে আরও সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে নজরুল ইসলাম রচিত বসন্ত ও হোলি কেন্দ্রিক গানের নৃত্যনাট্যে ফুটে ওঠে উত্তরপ্রদেশের ব্রজলীলা, তামিলনাড়ুর আঞ্চলিক নৃত্য, আসামের বসন্তগান, মহারাষ্ট্র ও রাজস্থানের হোলি উৎসবের আবহ। পাশাপাশি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বসন্তকালীন নৃত্য ও সংগীতও পরিবেশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাঙিয়ে দিয়ে যাও’সহ একাধিক গান পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বিভিন্ন পরিবেশনায় অংশ নেন পূর্বা মজুমদার, তুহিনা দালাল, সুপর্ণা সাহা, বিশাখা সুর, রিয়া, দুর্গা মালিক, ইন্দিরা সাহা, মল্লিকা দে, অদিতি, স্নেহা গুই, তুলসী, কল্যাণী, মঞ্জুশ্রী, নেহা ইয়াসমিন, শাহিনা খাতুন, কোয়েল ঘোষ, প্রিয়াঙ্কা ভৌমিকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী দাস ও অর্ঘ্যলেখা অধিকারী।