শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৫ বার দেখা
শেয়ার করুন

এস এম মেহেদী হাসান, ১৯ মে — আজ ১৯ মে, বরাক উপত্যকার বাংলা ভাষা শহীদ দিবস। ১৯৬১ সালের এই দিনে ভারতের আসাম রাজ্যের শিলচরে বাংলা ভাষাকে সরকারি স্বীকৃতির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায় পুলিশ। এতে ১১ জন ভাষাসৈনিক শহীদ হন।

ইতিহাসে ‘শিলচর ভাষা আন্দোলন’ নামে পরিচিত এই ঘটনা বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে পরবর্তীতে বরাক উপত্যকায় বাংলা ভাষা সরকারি স্বীকৃতি লাভ করে।

জানা যায়, ১৯৬০ সালে আসাম সরকার অসমিয়াকে একমাত্র সরকারি ভাষা ঘোষণার উদ্যোগ নেয়। এর প্রতিবাদে বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষ আন্দোলনে নামেন। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ গুলি চালায়।

সে সময় শহীদ হন কমলা ভট্টাচার্য, শচীন্দ্র পাল, কুমুদ রঞ্জন দাস, কানাইলাল নিয়োগীসহ ১১ জন।

বাংলা ভাষা আন্দোলনের গবেষকরা বলছেন, বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর উপমহাদেশে মাতৃভাষার অধিকারের প্রশ্নে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ গণআন্দোলন।

প্রতি বছরের মতো এবারও ভারত ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন দিবসটি পালন করছে। শিলচরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

ভাষা গবেষক অধ্যাপক ড. অমলেন্দু ভট্টাচার্য বলেন, “বরাক উপত্যকার ভাষা আন্দোলন শুধু একটি অঞ্চলের সংগ্রাম নয়, এটি মাতৃভাষার অধিকার রক্ষার আন্তর্জাতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।”

সচেতন মহল মনে করছে, ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে ভাষা, সংস্কৃতি ও নিজস্ব পরিচয় রক্ষার চেতনায় অনুপ্রাণিত করবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন