বিসিবিতে ‘সার্কাস’ চলছে, তীব্র ক্ষোভ আফতাব আহমেদের
ঢাকা, ৮ এপ্রিল — বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান অস্থিরতা ও নেতৃত্ব পরিবর্তন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বর্তমান পরিস্থিতিকে ‘সার্কাস’ বলে মন্তব্য করেন।
গত দেড় বছরে বিসিবিতে তিনজন সভাপতি পরিবর্তন হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়িত্ব নেন ফারুক আহমেদ। পরে তার কাউন্সিলরশিপ বাতিল করে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হলেও তার নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠে এবং কোনো ঘরোয়া লিগ আয়োজন করতে না পারায় সমালোচনার মুখে পড়েন।
পরবর্তীতে তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ তার কমিটি ভেঙে দেয়। সর্বশেষ তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েছে।
এ প্রেক্ষাপটে আফতাব আহমেদ বলেন, “যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, ২ হাজার টাকা দিয়ে টিকিট কিনলেও বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।”
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই সাবেক ক্রিকেটার সেখানে ক্রিকেট ব্যবস্থাপনার উদাহরণ টেনে বলেন, “আমেরিকায় তিন বছর আছি, কিন্তু ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না। অথচ ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করছি।”
বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এখানে কিছু না জানলেও আপনাকে জানিয়ে দেওয়া হবে। মিডিয়া এমনভাবে ঢোল পিটায় যে না চাইলেও জানতে হয়।”
শেষে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নেই, সার্কাস আছে।”