রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১১:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬৬ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ১৯ এপ্রিল — মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান জাতীয় সংসদে শমসেরনগর বিমানবন্দর চালুর দাবিতে জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেছেন। তিনি বলেন, পর্যটন জেলা মৌলভীবাজারে বিমানবন্দর না থাকায় পর্যটক ও প্রবাসীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি শমসেরনগরে অবস্থিত বিমানবাহিনীর নিয়ন্ত্রণাধীন রানওয়েকে সীমিতভাবে বেসামরিক ব্যবহারের উপযোগী করার দাবি জানান। তাঁর মতে, শ্রীমঙ্গল, লাউয়াছড়া, মাধবকুণ্ডসহ পর্যটন এলাকাগুলোতে যাতায়াত সহজ করতে বিমানবন্দর চালু জরুরি।

তিনি আরও বলেন, পাকিস্তান আমল থেকে ব্যবহৃত এই বিমানঘাঁটির অবকাঠামো থাকলেও স্বাধীনতার পর তা বেসামরিক ব্যবহারে আনা হয়নি। এতে অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সংসদকে জানান, শমসেরনগর বিমানঘাঁটি বর্তমানে বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে একাধিক সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে।

তিনি বলেন, বিমানবন্দরটির বাণিজ্যিক ব্যবহারযোগ্যতা যাচাইয়ে ফিজিবিলিটি স্টাডি চলছে। এই স্টাডি শেষ হলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি দেশের বিদ্যমান ও প্রস্তাবিত বিমানবন্দরগুলোর সক্ষমতা ও অর্থনৈতিক দিকও পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, সীমান্তের কাছাকাছি অবস্থান এবং বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এখানে যাত্রীবাহী বিমান চলাচল এখনই উপযোগী নয়। তবে পর্যটন উন্নয়নের বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে।

এ সময় নাসের রহমান মন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, পাকিস্তান আমলে একই স্থানে নিয়মিত ফ্লাইট চললেও তখন কোনো নিরাপত্তা ঝুঁকি ছিল না। তিনি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী জবাবে বলেন, দ্রুততার পাশাপাশি পরিকল্পনা ও বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে। ফিজিবিলিটি স্টাডি শেষ হলে দেশের স্বার্থে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন