মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু
আমির হোসেন, সুনামগঞ্জ, ১২ এপ্রিল — সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটার সময় মাটি চাপায় আরমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরমান উপজেলার শালীয়ানী গ্রামের চাঁনপর মিয়ার ছেলে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে বাঁধ কাটার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের বৃষ্টিতে হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফসলি জমি থেকে পানি বের করতে স্থানীয় কৃষকেরা গুরমার হাওরের ওই বাঁধটি কেটে দেন। পরে কাটা অংশ দিয়ে পানি বের হতে শুরু করলে পাড় ধসে পড়ে এবং এক পর্যায়ে পরিস্থিতি আরও জটিল হয়।
পরবর্তীতে ধসে পড়া অংশের মাটি সরানোর কাজ চলছিল। কাজ প্রায় শেষের দিকে থাকাকালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এতে অন্যরা দ্রুত সরে যেতে পারলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়েন।
স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ জানান, বাঁধে মাটি চাপায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না এবং স্থানীয়ভাবে এটি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।